Articles by "বিজ্ঞান ও প্রযুক্তি"
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
ইন্টারনেট মানুষের জীবনে প্রভাব ফেলছে। মানুষ এখন অনলাইনে অর্থ আয়ের জন্য নানা কৌশল প্রয়োগ করছে। অনলাইনে আয়ের নানা পথও তৈরি হয়েছে। তবে অনলাইনে কাজ করে আয় করতে গেলে কোন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে অনলাইনে আয় করতে পারবেন। জেনে নিন এসব সম্পর্কে:
অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ করার বিষয়টি সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন ফ্রিল্যান্সারদের দক্ষতার ওপর ভিত্তি করে ফ্রিল্যান্স কাজের সুযোগ দেয় কয়েকটি ওয়েবসাইট। সেখানে অ্যাকাউন্ট খুলে দক্ষতা অনুযায়ী কাজের জন্য আবেদন করতে হয়। কাজদাতা তাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করে ফ্রিল্যান্সারকে কাজ দেয়। 
কয়েকটি ওয়েবাসাইটে কাজের দক্ষতার বিবরণ জানাতে হয়, যাতে ক্রেতা সরাসরি যোগাযোগ করতে পারেন। এসব সাইটের মধ্যে ফাইভার ডটকম, আপওয়ার্ক ডটকম, ফ্রিল্যান্সার ডটকম ও ওয়ার্কএনহায়ার ডটকমে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। ঘণ্টায় ৫ থেকে ১০০ ডলার পর্যন্ত আয় করা যায় এসব সাইট থেকে। মনে রাখতে হবে, কাজ শেষ করার পর কাজদাতার অনুমোদন পেলেই তবেই অর্থ ছাড় দেবেন তিনি। এ ক্ষেত্রে কাজের মানের ওপর কাজদাতা রেটিং দিতে পারেন। গ্রাহকের পছন্দ না হওয়া পর্যন্ত কাজ করে দিতে হয় ফ্রিল্যান্সারকে। বিভিন্ন অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অর্থ আনা যায়।
নিজের ওয়েবসাইট তৈরি
এখন নিজের ওয়েবসাইট তৈরির জন্য অনলাইনেই অনেক উপাদান পাওয়া যায়। এর মধ্যে ডোমেইন নির্বাচন, টেমপ্লেট ও ওয়েবসাইট তৈরির নকশা প্রভৃতি। যখন পাঠক বা দর্শককে ওয়েবসাইটের বিভিন্ন কনটেন্ট সেবা দেওয়ার প্রস্তুতি সারা, তখন গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। গুগলের বিজ্ঞাপন যখন সাইটে দেখানো শুরু হবে এবং তাতে ক্লিক পড়বে, তখন আয় আসতে শুরু করবে। ওয়েবসাইটে ট্রাফিক বা দর্শক যত বেশি হবে, আয়ের পরিমাণ তত বাড়বে।
অ্যাফিলিয়েট মার্কেটিং
এই পদ্ধতিতে আয়ের ক্ষেত্রেও নিজের ওয়েবপেজ বা ব্লগ প্রয়োজন। যখন ওয়েবসাইট বা ব্লগ চালু হবে, তখন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের লিংক তাতে যুক্ত করতে পারবেন। যখন আপনার সাইট থেকে ওই প্রতিষ্ঠানের পণ্য বা সেবা কোনো দর্শক কিনবেন, তখনই আপনার আয় আসতে শুরু করবে।
গ্রাফিকস ডিজাইন
অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিকস ডিজাইন ভালো উপায়। যাঁরা এই কাজে দক্ষ, তাঁরা বিভিন্ন ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দিয়ে রাখেন। সেখান থেকে তাঁদের আয় আসে। তাঁদের তৈরি একটি পণ্য অনেকবার বিক্রি হয়, অর্থাৎ একটি ভালো নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় হতে থাকে। অনলাইনে এ ধরনের অনেক ওয়েবসাইটে গ্রাফিকসের কাজ বিক্রি করা যায়। এ ছাড়া অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও গ্রাফিকস ডিজাইনারদের অনেক চাহিদা রয়েছে।
জরিপ, সার্চ ও রিভিউ
অনলাইন জরিপে অংশ নিয়ে অর্থ আয় করতে পারেন। অনেক ওয়েবসাইট জরিপে অংশ নিলে অর্থ দেয়। এ ছাড়া অনলাইন সার্চ ও পণ্যের পর্যালোচনা লিখে আয় করতে পারেন। তবে, এ ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি ক্রেডিট কার্ড বা ব্যাংকিং তথ্য দেওয়া লাগতে পারে। তাই এ ক্ষেত্রে কাজ করার সময় সতর্কভাবে কাজ করতে হবে। এ বিষয়ে কাজের সময় কোনটি প্রকৃত কাজ আর কোনটি স্ক্যাম—যাচাই-বাছাই করে নিয়ে কাজ করতে পারেন।
ভার্চ্যুয়াল সহকারী
এখন ভার্চ্যুয়াল সহকারীদের কাজের ক্ষেত্র বেড়েছে। ঘণ্টাপ্রতি আয়ও বেশি। বাড়ি থেকে করপোরেট অফিসের নানা কাজ অনলাইনে করে দেওয়ার সুবিধা আছে এখন। ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মী বা নিজের ব্যবসা নিজেই চালানো যায়। বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান। এর মধ্যে ফোন কল, ই-মেইল যোগাযোগ, ইন্টারনাল রিসার্চ, ডেটা এন্ট্রি, এডিটিং, রাইটিং, ব্লগ, গ্রাফিকস, টেক সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে। ২৪ / ৭ ভার্চ্যুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ, ফ্রিল্যান্সার ডটকম, পিপল পার আওয়ার, আপওয়ার্কের মতো সাইটগুলোতে কাজ পাওয়া যায়।
অনুবাদ
ইংরেজির পাশাপাশি অন্য কোনো ভাষা ভালোভাবে জানা থাকলে সেই দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডকুমেন্ট অনুবাদ করে আয় করতে পারেন। যাঁদের স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি, জার্মানসহ অন্যান্য ভাষা জানা আছে এবং এগুলো থেকে ইংরেজিতে অনুবাদ বা ইংরেজি থেকে এসব ভাষায় অনুবাদ করতে পারলে ভালো আয় করতে পারবেন। অনেক সময় কাজদাতারা নিজে সময়ের অভাবে অনুবাদের কাজ ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেন। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এ ধরনের কাজ পাবেন।
অনলাইন টিউটর
কোনো বিষয়ে যদি আপনার পারদর্শিতা থাকে, তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষা দিতে পারেন। অনলাইন টিউটরদের এখন চাহিদা বাড়ছে। সব বয়সী শিক্ষার্থীদের আপনি শিক্ষা দিতে পারবেন। এখানে অন্য দেশের শিক্ষার্থীদেরও পড়ানোর সুযোগ রয়েছে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন টিউশনির সুযোগ রয়েছে। সেখানে সুবিধামতো সময়ে পড়াতে পারেন ছাত্র। এসব সাইটে নিজের দক্ষতার পরীক্ষা দিতে হয়। একবার নির্বাচিত হয়ে গেলে ওয়েবিনার পরিচালক হিসেবে অনলাইন সেশন পরিচালনা করতে পারেন। দক্ষতা বাড়লে এ ক্ষেত্র থেকে অনেক আয় করার সুযোগ আছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এখন আর শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য নয়। এগুলো কাজে লাগিয়ে আয় করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পরিকল্পকদের প্রচুর অর্থ দেওয়া হয় তাদের ব্র্যান্ডের প্রচার করার জন্য। অনলাইনে গ্রাহক টানা, প্রচার করার জন্য অবশ্য সৃজনশীলতা দরকার। বিভিন্ন পোস্ট তৈরি, ভিডিওর মাধ্যমে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে প্রকাশ করে তা ভাইরাল করতে পারলে ভালো অর্থ আসে। তবে সোশ্যাল মিডিয়ায় ফ্যান-ফলোয়ার তৈরিসহ তাঁদের ধরে রাখতে প্রচুর ধৈর্য ও প্রাসঙ্গিক বিষয় হওয়া জরুরি।
ওয়েব ডিজাইন
এখনকার অনলাইনের কাজের ক্ষেত্রে ওয়েব ডিজাইনের চাহিদা ব্যাপক। কোনো প্রজেক্টে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সহজে আয় করা যায়। সব ব্যবসায়ী প্রযুক্তিপ্রেমী নন। নিজেদের ওয়েবসাইট তৈরিতে তাঁদের ওয়েব ডিজাইনারের দরকার পড়ে। যাঁরা ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে চান নিজেদের ওয়েবসাইট খুলে সেখান থেকেই ছোট ব্যবসা দাঁড় করাতে পারেন। ওয়েবসাইট তৈরিতে এখন কোডিং আর ওয়েব ডিজাইন দুটিই গুরুত্বপূর্ণ। এ ছাড়া ওয়েবসাইট ব্যবস্থাপনা ও হালনাগাদের জন্যও ওয়েব ডিজাইনারকে দরকার পড়ে। ফলে ডিজাইনারকে বসে থাকতে হয় না। ক্লায়েন্ট ও কাজের ওপর ভিত্তি করে ওয়েব ডিজাইনারের আয় বাড়তে থাকে।
কনটেন্ট রাইটিং
যাঁরা লেখালেখিতে ভালো এবং একাধিক ভাষায় সাবলীল লিখতে পারেন, তাঁদের কাজের জন্য বসে থাকতে হয় না। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করে বা লিখে দক্ষতা অর্জন করতে পারেন। আর্টিকেল লেখার মানের ওপর ভিত্তি করে আয় আসে। কাজদাতা নির্দিষ্ট নীতি মেনে লেখার জন্য বলতে পারেন। নির্দিষ্ট বিষয় বা নিশ ধরে নিজের দক্ষতা বাড়াতে পারলে আয়ের ধারা বেড়ে যায়।
ব্লগিং
অনেকে শখ করে অনেক বিষয়ে লেখেন। কিন্তু শখের বিষয়টি যদি পেশাগত কাজে লাগাতে পারেন, তবে অনলাইনে আয় করতে পারবেন। ব্লগিং করেও আয় করার সুযোগ আছে। দুই উপায়ে ব্লগ থেকে আয় করা যায়। একটি হচ্ছে নিজের ব্লগ সাইট তৈরি। ওয়ার্ডপ্রেস বা টাম্বলার প্ল্যাটফর্মে বিনা মূল্যে ব্লগ শুরু করতে পারেন। আবার চাইলে নিজে ডোমেইন হোস্টিং কিনে ব্লগ চালু করতে পারেন। তবে নিজে ব্লগ চালু করতে গেলে কিছু বিনিয়োগ করার দরকার হবে। ডোমেইন, হোস্টিং কিনতে হবে। নিজের ব্লগ শুরু করাটাই ভালো। কারণ, এতে নিজের প্রয়োজন অনুযায়ী অনেক পরিবর্তন করার সুযোগ আছে। বিজ্ঞাপন, ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকেল, পণ্যের পর্যালোচনা প্রভৃতি নানা উপায়ে ব্লগ থেকে আয় করতে পারেন। তবে ব্লগ লিখে আয় করতে গেলে রাতারাতি আয় আসবে না। এ জন্য প্রচুর সময় ও ধৈর্য থাকতে হবে। অনেকের ব্লগ থেকে আয় করতে কয়েক বছর পর্যন্ত লেগে যায়। ব্লগে নিয়মিত কনটেন্ট আপডেটসহ তা সক্রিয় রাখতে কাজ করে যেতে হয়।
ইউটিউব
যাঁরা ব্লগ লিখে আয় করতে স্বচ্ছন্দ নন, তাঁরা ক্যামেরার সাহায্য নিয়ে ভিডিও থেকে আয় করতে পারেন। এ জন্য অবশ্য সৃজনশীল আর ভালো সম্পাদনা জানতে হবে। নিজের ইউটিউব চ্যানেল খুলে তাতে ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে পারেন। আপনার চ্যানেল কোন ক্যাটাগরির এবং তাতে কোন ধরনের ভিডিও রাখবেন, তা আগেই ঠিক করে রাখুন। যে বিষয়ে মানুষের আগ্রহ বেশি, সেই বিষয়ে ভিডিও না রাখলে মানুষ তা দেখবে না। ভিডিও না দেখলে আয় হবে না। বিষয়টি অনেকটাই ব্লগের মতো। তবে এ ক্ষেত্রে কনটেন্ট হচ্ছে ভিডিও। চ্যানেলের সাবসক্রাইবার ও ভিডিও দেখার সময় বাড়লে আয়ের সম্ভাবনা বাড়বে। প্রতি হাজার ভিউয়ের হিসাবে গুগল থেকে অর্থ পাবেন।
পিটিসি
অনেক ওয়েবসাইট আছে, যাতে রাখা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনাকে অর্থ দেওয়া হবে। এ ধরনের সাইটকে পিটিসি সাইট বলে। প্রকল্প শুরুর আগে নিবন্ধন করতে হয়। তবে মনে রাখতে হবে পিটিসি সাইটগুলো বেশির ভাগ ভুয়া হয়। তাই কাজের আগে নিশ্চিত হতে হবে সেটি প্রকৃত সাইট কি না। অনেক সময় বন্ধুতে রেফারেন্স দিয়ে আয় করতে পারেন।
ডেটা এন্ট্রি
অনলাইনে সহজ কাজগুলোর একটি হচ্ছে ডেটা এন্ট্রি। এ ক্ষেত্রে অবশ্য আয় খুব কম। তবে এ ধরনের কাজ অটোমেশনের কারণে এখন খুব কম পাওয়া যায়। যাঁদের কম্পিউটার, ইন্টারনেট ও দ্রুতগতির টাইপিং দক্ষতা আছে, তাঁরা এ ধরনের কাজ করতে পারবেন। অধিকাংশ ফ্রিল্যান্সিং সাইটে এ ধরনের কাজ রয়েছে। তবে যাঁদের কোনো কাজে দক্ষতা থাকে, তাঁরা সহজে কাজ পান এবং দ্রুত আয় বাড়াতে পারেন।
মুক্তপেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে গ্রাফিক ডিজাইনের কাজ করেন সালাউদ্দিন ইশাদ। মাসে কমবেশি দুই হাজার ডলার আয়। বাংলাদেশি হিসেবে ভালোই বলতে হয়। তবু দেশীয় এক প্রতিষ্ঠানে কাজও করেন। গত বছর ফ্রিল্যান্সার ডটকমের অনুপ্রেরণাদায়ী ফ্রিল্যান্সারদের একজন ছিলেন সালাউদ্দিন। এই ফ্রিল্যান্সারের গল্প শোনা যাক।
শুরুতেই ধাক্কা
অনলাইনে কাজ করে যে আয় করা যায়, তা প্রথম শুনেছিলেন বন্ধুদের আড্ডায়। সালাউদ্দিন তখন কাজ করেন এক বিজ্ঞাপনী সংস্থায়। বেতন কম। কোনো রকমে দিন চলত। অতিরিক্ত আয়ের আশায় বন্ধুদের পরামর্শে অনলাইনে কাজের বাজার ওডেস্কে (বর্তমানে আপওয়ার্ক) গ্রাফিক ডিজাইনের কাজগুলোতে আবেদন করতে শুরু করেন। প্রথম দিনেই এক নিয়োগদাতা যোগাযোগ করে কাজ বুঝিয়ে দিলেন। ঠিকঠাক করে দিলেও শেষমেশ সালাউদ্দিনের পকেটে পারিশ্রমিক ঢোকেনি। কারণ আবেদন করলেও চুক্তি না করেই কাজ করে দিয়েছিলেন। কাজের বিজ্ঞাপনদাতাও সে সুযোগ নিয়েছিলেন।
চাকরি ছেড়ে দেওয়া
প্রথম কাজের অভিজ্ঞতায় কিছুটা হতাশ হয়েছিলেন। তবে বুঝেছিলেন, কাজের দক্ষতার সঙ্গে দিকনির্দেশনাও দরকার। সে জন্যই বিজ্ঞাপন দেখে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে যোগাযোগ করেন। গ্রাফিক ডিজাইন মোটামুটি জানতেন। আরেক প্রস্থ প্রশিক্ষণ নিলেন। এরপর শুরু হলো সালাউদ্দিন ইশাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
অনলাইনে প্রথম আয় লোগোর নকশা করে। ফ্রিল্যান্সার ডটকমে লোগো নকশার প্রতিযোগিতা হয়। যার নকশা চূড়ান্ত হবে, পুরস্কার হিসেবে তিনি পাবেন ১৫০ ডলার। প্রথমেই দেড় শ ডলারের সে পুরস্কার পান সালাউদ্দিন। এরপর বিজ্ঞাপনী সংস্থার চাকরি ছেড়ে দিয়ে পূর্ণোদ্যমে ফ্রিল্যান্সিংয়ে মন দেন।
সেরাদের তালিকায়
অনলাইনে সাধারণত পশ্চিমা দেশের নিয়োগদাতারা বেশি কাজ পোস্ট করে থাকেন। বাংলাদেশের সঙ্গে তাঁদের সময়ের ফারাক থাকায় শুরুতে বিপাকে পড়েন সালাউদ্দিন। মা বুঝতেন না। বারবার বলতেন, রাত জেগে এত কাজ কিসের? তবু অনেক রাত জেগে কাজ করে গেছেন দীর্ঘদিন। কাজের মাধ্যমেই বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতে থাকে সালাউদ্দিনের। নিয়োগদাতারাও তাঁর কাজ পছন্দ করতেন। এতে আর নতুন নতুন কাজের জন্য রাত জেগে আবেদন করতে হতো না। নির্ধারিত কয়েকটি প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করতে থাকেন।
গত বছর আড়াই কোটি মুক্তপেশাজীবী যোগ দেওয়ার মাইলফলক উদ্​যাপন করে ফ্রিল্যান্সার ডটকমে। সে সময় বিশ্বের বিভিন্ন দেশের অনুপ্রেরণাদায়ী ফ্রিল্যান্সারদের গল্প ওয়েবসাইটটিতে দেওয়া হয়েছিল। সেখানে স্থান করে নিয়েছিলেন বাংলাদেশের সালাউদ্দিন ইশাদ।
আবারও চাকরি
শুরুতেই বলা হয়েছে, ফ্রিল্যান্সার হিসেবে সালাউদ্দিনের দিন ভালোই যাচ্ছে। তবু আবার দেশীয় এক প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন। সালাউদ্দিনের কণ্ঠে যেন খানিকটা হতাশা। বললেন, ‘ফ্রিল্যান্সিংয়ে আয় ভালো, তবে এই কাজের সামাজিক স্বীকৃতি নেই। চাকরিটা করতে হয় সম্মানের জন্য। বলতে পারেন একটা পরিচয়ের জন্য।’
উপস্থাপনাই মুখ্য
সে যা–ই হোক, ফ্রিল্যান্সার হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। মোটামুটি সব মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট থাকলেও ফ্রিল্যান্সার ডটকমে বেশি কাজ করেন। আর গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্র্যান্ডিং ধাঁচের কাজ করেন বেশি। লোগো, ইউজার ইন্টারফেস, ভিজ্যুয়াল বিজ্ঞাপন, ব্যানার, ফ্লোচার্ট, সাইট ম্যাপ, বিজনেস কার্ড, সাময়িকী ও পত্রিকার লেটারহেড ইত্যাদি নকশার কথাই ঘুরেফিরে এল সালাউদ্দিনের কথায়। বর্তমানের তথ্যপ্রযুক্তির যেকোনো কাজে নকশা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সালাউদ্দিন। বললেন, ‘কঠিন প্রোগ্রামিং–সংকেত মানুষ দেখে না, তারা দেখে এর উপস্থাপনা।’
নতুনদের উদ্দেশে
পরিশ্রম, দিকনির্দেশনা ও ধৈর্য—ফ্রিল্যান্সিংয়ে নতুন হলে এই তিনটির অনেক দরকার। নতুনদের জন্য বর্তমান সময়টা কিছুটা চ্যালেঞ্জিং। এ জন্য পরিশ্রমী হতে হবে। প্রতিনিয়ত শিখতে হবে। অল্প শিখেই আবেদন না করে বরং অভিজ্ঞদের সাহায্য নিন। গুটিকয়েক কাজ করলেই পেশাদারত্ব চলে আসে না। নিজের কাজের ভুল নিজে খুঁজে বের করা কিন্তু কঠিন। এ জন্য অভিজ্ঞদের সহায়তা নেওয়ার কথা বললাম। সবচেয়ে বড় কথা, এ কাজে সফলতা পেতে চাইলে ধৈর্য থাকতে হবে। অল্পে হতাশ হওয়া চলবে না।
যেকোনো পেশায় যেমন দায়বদ্ধতা ও জবাবদিহির ব্যাপার আছে, ফ্রিল্যান্সিংয়েও তা–ই। এই কাজে বরং জবাবদিহির দায় বেশি হওয়া উচিত। কারণ কাজের বাজার থেকে প্রতিযোগিতা করেই কাজ নিতে হচ্ছে। নিয়োগদাতারাও বিশ্বাস করেই কাজ দিচ্ছেন। তাঁদের সে বিশ্বাসের প্রতি সম্মান থাকতে হবে। এ জন্য পুরো কাজ ভালোভাবে বুঝে, তবেই সে কাজে হাত দিতে হবে। এর ওপরেই সুনাম নির্ভর করে। কাজ শেষে নিয়োগদাতা যে পর্যালোচনা (রেটিং) জানান, ভবিষ্যৎ কাজ পেতে তা সাহায্য করে।
যাঁরা অনলাইনে তথ্যপ্রযুক্তি কাজে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাঁদের জন্য সালাউদ্দিন দুটি বিভাগে পরামর্শ দিয়েছেন।
যাঁরা নতুন
● পছন্দের বিষয় নিয়ে সব সময় গবেষণা করুন
● ইউটিউবে টিউটোরিয়াল দেখুন
● অনবরত কাজের অনুশীলন করুন
● কাজসংশ্লিষ্ট অভিজ্ঞদের পরামর্শ নিন
● প্রয়োজনে ভালো কোনো প্রতিষ্ঠানে কাজ শিখুন
যাঁরা অভিজ্ঞ
● এখানেও শুরুতেই গবেষণার কথা বলতে হয়, এতে নতুন নতুন ধারণা পাওয়া যায়
● যত বেশি সম্ভব কাজ করে যান
● অভিজ্ঞদের কাজ দেখুন
● পোর্টফলিও সাইট, যেমন বিহ্যান্স, ড্রিবলের মতো ওয়েবসাইটগুলোতে হালানাগাদ থাকুন
মাথায় রাখা ভালো
● নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ জমা দিন
● কাজ সম্পর্কে নিয়োগদাতার প্রতিক্রিয়া গুরুত্বের সঙ্গে নিন
● নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন
যেসব মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারেন
● upwork.com
● freelancer.com
● peopleperhour.com
● envato.com
● fiverr.com
● creativemarket.com
● codegrape.com
● 99design.com
স্বপ্ন তো সবাই দেখে। কারও স্বপ্ন রূপ পায় সাফল্যে, আবার কারও স্বপ্ন অধরাই থেকে যায়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারেন তাঁরা, যাঁদের মধ্যে রয়েছে মেধা, অধ্যবসায় ও পরিশ্রম। এমনই একজন ফ্রিল্যান্সার শরিফুল ইসলাম। যিনি প্রিন্ট ডিজাইনে পেয়েছেন সেরা হওয়ার স্বীকৃতি। ২০১৬ সালে সেরা ৩৮২ এনভাটো অথোরদের একজন। আউটসোর্সিং কাজের জন্য ক্রিয়েটিভ অনলাইন বাজারে (মার্কেটপ্লেস) হয়েছেন ২০১৭ সালের সেরা হ্যান্ডপিক আইটেম অথোরদের একজন। ২০১৮ সালে আমন্ত্রণ পেয়েছেন বিশ্বখ্যাত অ্যাডবি স্টক মার্কেটেও। শরিফুলের প্রথম আয় ছিল ৬২ ডলার। এখন মাসে ২ হাজারের বেশি ডলার আয় করেন তিনি।
শুরুর গল্পরাজধানীর শনির আখড়ায় থাকেন শরিফুল ইসলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। বাবা-মা ও ছোট বোনকে নিয়েই ছোট পরিবার। আর পরিবারের বড় ছেলে শরিফুল। বন্ধুবান্ধব যখন চাকরিতে ব্যস্ত, শরিফুল তখন ফ্রিল্যান্সিং করা শুরু করেছেন। শিখেছেন কম্পিউটার গ্রাফিকস। এমন কাণ্ড দেখে খেপে গেলেন বাবা শাহাব উদ্দিন। কোনো কাজকর্ম নেই? শুধু বাসায় বসে বসে কম্পিউটারে সারা দিন-রাত জেগে কী করো? এসব বলেই শরিফুলের বাবা কম্পিউটারসহ যাবতীয় যন্ত্র ভেঙে ফেলেন।
বাবার এমন রাগ থাকাটা স্বাভাবিক। কারণ এর আগে ২০১০ সালে শরিফুল বাবার জমিয়ে রাখা পাঁচ লাখ টাকা মায়ের কাছ থেকে নিয়ে শেয়ার ব্যবসা শুরু করেছিলেন। শেয়ার ব্যবসায় ধস নামলে পুরো টাকাটাই হারাতে হয় তাঁকে। বাসায় তৈরি হয় অশান্তি। ‘খুব খারাপ সময় কী করব বুঝতে পারছিলাম না। কিন্তু একটা বিশ্বাস ছিল, সঙ্গে জেদও, আউটসোর্সিং কাজে নিজেকে গড়ে তুলব।’ বললেন শরিফুল।
২০১৪ সালে লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির আওতায় ঢাকার ক্রিয়েটিভ আইটিতে গ্রাফিক ডিজাইন কোর্স করেন শরিফুল। এরপর পুরোপুরি ফ্রিল্যান্সার বনে যান। বর্তমানেও একই কাজ করছেন তিনি।
প্রথম আলো ও ইন্টারনেটের মাধ্যমে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারেন বিস্তারিত। সময়টা তখন ২০১৩-১৪। একটি সেমিনারে অংশ নেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে। সেমিনারটি করেই গ্রাফিক ডিজাইন কোর্স করার সিদ্ধান্ত নেন শরিফুল।
গ্রাফিক ডিজাইনের প্রিন্ট ও প্রকাশনা বিষয়ে নিজেকে বেশি উপযুক্ত মনে করেন শরিফুল। গ্রাফিক ডিজাইনের অনেক প্যাটার্ন আছে। লোগো, বিজ্ঞাপন, ব্যানার, বিজনেস কার্ড, পোস্টকার্ড ডিজাইন, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, লেটারহেড ডিজাইন, বইয়ের অঙ্গসজ্জা, শেষ প্রচ্ছদ, রেস্তোরাঁর মেনু কার্ড ইত্যাদি ডিজাইন করেন তিনি।
শরিফুল মূলত রেডি টেম্পলেট নিয়ে কাজ করেন। গ্রাহক চাইলে নিজেই সেটা পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। তিনি এনভাটো স্টুডিওতেও সেবা দেন। শরিফুলের বেশির ভাগ গ্রাহক যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার। দেশের বাজারে ২০১৪ সালের পর কখনোই কাজ করেননি তিনি।
শরিফুল তাঁর পেশার প্রথম দিককার কথা বলতে থাকেন, ‘সবাই যখন ধরেই নিয়েছে আমি হয়তো ভালো কিছু করতে পারব না; বিশেষ করে বাবা, তখন আমার মা আমার ওপর আস্থা বা বিশ্বাস কোনোটাই হারাননি। আমার প্রয়োজনীয় সব বিষয়ে বাবাকে না জানিয়ে নীরবেই সহায়তা দেন। যতটুকু সাফল্য অর্জন করেছি, তার সবটুকু জুড়েই রয়েছে আমার মা।’

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাব মেলা। মেলায় নানা ছাড় ও উপহার ঘোষণা করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।
মেলার আয়োজকেরা জানান, মেলা ঘিরে বৃহস্পতিবার থেকেই সব ধরনের মানুষের আগ্রহ দেখা গেছে। আজ শুক্রবার ছুটির দিনে মেলায় স্মার্টফোন কিনতে মানুষের আগ্রহ আরও বাড়তে পারে। মেলায় ছাড় আর উপহারের কারণে অনেকেই মেলা থেকে স্মার্টফোন ও আনুষঙ্গিক জিনিস কিনছেন। মোবাইলে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধের প্রভাব পার্সোনাল কম্পিউটার বা পিসির বাজারে পড়েছে। ডেস্কটপ, ল্যাপটপ, ওয়ার্কস্টেশন মিলিয়ে গত বছরের শেষ তিন মাসে পিসি বাজারে আসার হার কমেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, ২০১৭ সালের শেষ প্রান্তিকের সঙ্গে ২০১৮ সালের শেষ প্রান্তিক, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পিসি বাজারে আসার হার ৩ দশমিক ৭ শতাংশ কমেছে। বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, পিসি বাজারে আসার হার ৪ দশমিক ৭ শতাংশ কমতে পারে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) ও গার্টনার পৃথক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধকে পিসি বাজারে আসার হার কমার কারণ হিসেবে দেখিয়েছে।